০১ এপ্রিল ২০২৬, ১৭:০০

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

প্রতীকী ছবি  © সংগৃহীত

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে এ ঘটনা ঘটে।

‎নিহত ফরাছ মিয়া (৪৮) ছোট ভাকৈর গ্রামের বাসিন্দা। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

‎আহত ব্যক্তিরা হলেন সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) ও জাহেদ মিয়া। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাওরে কৃষিকাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তারা আহত হন।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন।

‎এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা স্থানে অবস্থান না করার জন্য স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।