৫৪ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টায় নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে কার্যক্রমটির আয়োজন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তর লক্ষীপুর গ্রামের ৫৪টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে একটি বাজারের ব্যাগে করে ঈদ সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে। প্রতি ব্যাগে ছিল ২ প্যাকেট সেমাই, ২টি গুড়া দুধের প্যাকেট, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, একটি লাক্স সাবান, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, নারকেল ও কিসমিস। সব কিছু মিলিয়ে প্রতি ব্যাগে ৯৯০ টাকার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত সখিনা বলেন, গ্রামে-গঞ্জে আমাগো ঈদের লাইগা জিনিসপত্র কেউ দেয় না। একটা ঈদে চলবার লাইগা যতডি জিনিস দরকার তারা সব-ডি দিসে। পোলাও খাইতে পারমু, সেমাইও খাইতে পারমু।
হাবিবউল্লাহ নামের একজন বলেন, ঈদের লাইগা বাড়িতে তেমন কিছু কিনতাম পারছি না। চিন্তায় আসিলাম কেমন বাজার করুম। আল্লাহ তাগোরে দিয়া পাঠাইসে। অসহায়ের লাইগা আল্লাহই আছে। যারা দিসে আল্লাহ তাগোরেও ভালো রাখুন। ঈদ সামগ্রী পেয়ে এমনই মন্তব্য করলেন হুমায়ুন মিয়া, খলিল মিয়া, শাহাদা বেগম, হেনা বেগমসহ আরো অনেকেই।
আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই ঈদ সামগ্রী বিতরণলে উপস্থিত ছিলেন অর্গানাইজেশনের সিইও মানজুরুল ওয়াসে শিতাব, হেড অব প্রজেক্টস ওমর ফারুক, অন্যতম সদস্য সুমাইয়া জাহান, ফাতেমা প্রমুখ।
মানজুরুল ওয়াসে শিতাব বলেন, আমরা চেষ্টা করছি ঈদের সময় অসহায়দের সাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগভাগি করে নিতে। ঈদের উপহার পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে ওঠে, সেটিই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।