সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন আজ
বিশ্বের অন্যান্য মুসলিম দেশের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টিরও অধিক গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আনন্দঘন পরিবেশে সকাল থেকেই এসব এলাকার মুসল্লিরা নির্ধারিত ঈদের জামাতগুলোতে সমবেত হন।
আজ সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউখোলা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। এই জামাতে অংশ নিতে পার্শ্ববর্তী ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা, ইসলামকাটি, গোয়ালচত্তর ও পাইকগাছাসহ অন্তত ২০টি গ্রামের কয়েকশ মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে খুতবায় এবং বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। জামাতের ইমাম মাওলানা মহব্বত আলী বলেন, কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী বিশ্বের অন্য প্রান্তের চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে আমরা ঈদ উদযাপন করি। আজ সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে ঈদ হচ্ছে, তাই আমরাও আনন্দিত মনে নামাজ সম্পন্ন করেছি।
নামাজে অংশ নিতে কলারোয়া উপজেলার গোয়ালচত্তর গ্রাম থেকে আসা মুসল্লি আলি হোসেন বলেন, ঈদের নামাজে অংশ নিতে আজ সকাল ৭টায় বাসা থেকে বের হয়েছি। পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে নামাজ আদায় করেছি, খুব ভালো লাগছে। আরেক মুসল্লি আব্দুল জলিল জানান, বিশ্বের সাথে তাল মিলিয়ে একই দিনে ঈদ পালন করতে পেরে তারা সন্তুষ্ট।
উল্লেখ্য, জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নেও পৃথকভাবে ঈদের নামাজ আদায় করা হয়েছে। তবে সাতক্ষীরা জেলার অধিকাংশ এলাকায় আগামীকাল (শনিবার) জাতীয়ভাবে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে।