২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২০

বকেয়া বেতনের দাবি‌তে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ‌

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ  © সংগৃহীত

নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জের বকেয়া বেত‌নের দাবি‌তে ঢাকা-সিলেট মহাসড়ক আব‌রোধ‌ করে‌ছে বি ব্রাদার্স কারখানার শ্রমিকরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে মহাসড়কের মুইকুলী এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহনগুলো আটকা পড়ে, এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, কারখানাটির ৭০ থেকে ৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা না দেওয়ায় দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে আসেন।

তবে ব্যাংক বন্ধ থাকায় ফলে শনিবার বেতন দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছে মালিকপক্ষ। আগামী সোমবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে তারা।

এ নিয়ে শ্রমিকদের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।