বশিউকের গাছের ট্রাকে ক্ষতিগ্রস্ত সড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুরে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন কষ না দেয়ায়,টেন্ডারের মাধ্যমে ১শ একর জমির ১৭ হাজার ৫শ রাবার গাছ বিক্রি করে দিয়েছে। ৬ দিন ধরে অর্ধশত শ্রমিকরা রাবার গাছ কেটে ট্রাক ভর্তি করছে। প্রতিটি ট্রাক ওভারলোড করে কাঠ নিলেও স্থানীয় প্রশাসন নজর দিচ্ছে না। একদিকে যেমন পাহাড়ী এলাকার কাঁচা রাস্তা ধ্বসে পড়ছে। তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকা সড়কও।
গাছ কাটার শ্রমিকরা জানান, ৬ দিন ধরে রাবার গাছ কেটে প্রতিদিন ২০/২৫ টি ট্রাক ওভারলোড হয়ে জামালপুরের ইপিজেড ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আকিজ ফ্যাক্টরিতে পরিবহন হচ্ছে। ওভারলোড করে ট্রাকগুলো পার হচ্ছে সংশ্লিষ্ট থানায় মাসোহারা দিয়ে। ওভারলোড ট্রাকগুলো পারাপার করার জন্য থানার সাথে গোপন চুক্তি করে থাকেন কাঠ ব্যবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক ড্রাইভার জানান, ‘গারোবাজার ও সাগরদীঘি বাজারে ট্রাকগুলো ওজন করা হয়ে থাকে। ওভারলোড সকলে নেয়, আমিও নিই।’ সন্তোষপুর রাবার বাগান ম্যানেজার হারন অর রশীদ জানান, ‘এবার একশ একর জমির ১৭ হাজার রাবার গাছ বিক্রি করা হয়েছে। এর আগে বিক্রি করা হয়েছিল একশ ৫১ একর।’ ওভারলোডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গাছ বিক্রি করেছি। ওভারলোড হলে থানা গুলো ব্যবস্থা নিতে পারে।’