গাছ উপড়ে পড়ল ইজি বাইকের উপর, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা
ফরিদপুর শহরের ব্যস্ততম মুজিব সড়কের পাশে থাকা মেহগনি গাছ উপড়ে পড়েছে সড়কে। এতে রাস্তায় চলাচলরত তিনটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান যাত্রীরা।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, ফরিদপুর জেনারেল হাসপাতালের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের জন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলায় মূলসহ উপড়ে গেছে গাছটি।
সরেজমিনে দেখা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালের বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণের জন্য পুরোনো দেয়াল ভেঙে ফেলা হয়েছে। নতুন দেয়াল নির্মাণের জন্য গাছের গোড়ার মাটি সরিয়ে ফেলা হয়। ফলে কোনো নিরাপত্তাবেষ্টনী থাকায় গাছটি মূলসহ উপড়ে গিয়ে উত্তর দিকের ব্যস্ত সড়কের ওপর গিয়ে পড়ে।
ভুক্তভোগী অটোচালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া সাংবাদিকদের জানান, সকালে যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই গাছটি তাদের ইজিবাইকের ওপর আছড়ে পড়ে। এতে অটোরিকশাগুলোর ব্যাপক ক্ষতি হলেও যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত গাছটি কেটে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এইচইডি) জেনারেল হাসপাতালের ওই বাউন্ডারি নির্মাণকাজ বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস দ্রুত সড়ক সচল করেছে এবং ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজে আরও সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।