স্বামী মারা যাওয়ার ৪০দিন পর স্ত্রীর মৃত্যু, খবর শুনে মারা গেল দেবর
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্বামী মারা যাওয়ার ৪০ দিন পর শারীরিক অসুস্থতাজনিত কারণে মারা যান স্ত্রী। এদিকে ভাবীর মৃত্যুর কথা শুনে হৃদরোগে দেবরের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১৬ জানুয়ারি রোগাক্রান্ত হয়ে হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহাবুবুর রহমান বাহার (৫৮)। তার মৃত্যুর ৪০ দিন পর গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন তার স্ত্রী জেবুন্নেসা রত্না (৪৫)। এদিকে তার মৃত্যুর কথা শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার দেবর মেহেদী হাসান সবুজের (৩০) মৃত্যু হয়েছে। মাহাবুবুর রহমান ও জেবুন্নেসা রত্না দম্পতির একমাত্র পুত্র মো. আবদুল্লাহর বয়স মাত্র দশ বছর।
মেহেদী হাসান সবুজের পরিবার সূত্রে জানা যায়, ভাবী জেবুন্নেসা রত্নার মৃত্যুর কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়ে সবুজ। ঢাকা থেকে রাতেই ফিরতে চান বাড়িতে। তবে ফেরার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে অসুস্থ অবস্থায় তাকে তারই ছোট ভাই মানিক হোসেন এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।