পটুয়াখালীতে নির্বাচনী মাঠে নামল বিজিবি, নিরাপত্তা জোরদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী জেলায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও অবাধ ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচন কমিশনের নির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্রসংলগ্ন স্থানে টহল, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকায় নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের রূপরেখা তুলে ধরে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান।
তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রস্তুত।’
প্রেস কনফারেন্সে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. শফিয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের অন্তর্গত সাতটি উপজেলায় মোট সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।
ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথ, ভোটকেন্দ্রের আশপাশে নিয়মিত টহল, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী ও বিশেষ গুরুত্বসম্পন্ন উপজেলাগুলোতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে। অন্যান্য এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, কোস্ট গার্ড, র্যাব ও আনসারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, তফসিল ঘোষণার পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভৌগোলিক অবস্থান ও ঝুঁকি বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সহিংসতা প্রতিরোধে বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
প্রেস কনফারেন্স শেষে বিজিবি অধিনায়ক নির্বাচন উপলক্ষে স্থাপিত বিভিন্ন চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।