মাদকমুক্ত গাজীপুর গড়তে খেলাধুলার বিকল্প নেই : মঞ্জুরুল করিম
গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, টঙ্গী তথা গাজীপুরকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নির্বাচনে বিজয়ী হলে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং মাঠ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর সিটি কর্পোরেশন স্কুল মাঠে আয়োজিত পোশাক শ্রমিক প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঞ্জুরুল করিম বলেন, ‘গাজীপুর একটি শিল্প-অধ্যুষিত জেলা হওয়ায় এখানে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি। তাই শ্রমিকদের ন্যায্য পাওনা সঠিক সময়ে পরিশোধ নিশ্চিত করতে হবে। আমরা আর শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে আন্দোলন দেখতে চাই না।’
এ সময় উপস্থিত ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী ফারুক হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুর রউফ বাবুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক শেখ সুমন, সদস্যসচিব আজিজুর রহমান টিপুসহ ফুটবল ম্যাচ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি।
এর আগে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে গঠিত গাজীপুর একাদশ ও টঙ্গী একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ৫-৩ ব্যবধানে গাজীপুর একাদশকে হারিয়ে টঙ্গী একাদশ বিজয়ী হয়। পরে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এম মঞ্জুরুল করিম রনি।