হবিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওই যুবকের নাম টিটু দাস (২৫)। তিনি মাধবপুর গ্রামের মৃত নরেশ দাসের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, টিটু দাস দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় টিটুকে দেখতে পান। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।