সাতক্ষীরা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো জেলা
সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় মূল পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা পুরো জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর সদর উপজেলার বিনেরপোতা এলাকার ১৩২/৩৩ কেভি গ্রিড লাইনের টি-৩ ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
ঘটনার পর খুলনা গ্রিড থেকে সাতক্ষীরার সব ফিডার বন্ধ রাখা হয়। ফলে জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সনৎ কুমার ঘোষ জানান, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ২০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বর্তমানে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।
সাতক্ষীরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়েব হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে গোটা জেলা দুই ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। খুলনা থেকে সাতক্ষীরা গ্রীডের সকল পাওয়ার বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। দুই একটি জায়গায় বাকি থাকলে সেটিও অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়। মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালি কাজকর্ম ব্যাহত হয়।