২৩ জুন ২০২৫, ০৮:৪৪

রোড রোলারের সঙ্গে তেলবাহী গাড়ির ধাক্কা, নিহত ১

চট্টগ্রামে খাদে পড়ে যায় তেলবাহী একটি গাড়ি  © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে তেলবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত রোড রোলারের পেছনে ধাক্কা দেয়। এতে খাদে পড়ে যায় তেলবাহী গাড়িটি। এ ঘটনায় গাড়ির নিচে চাপা পড়ে  এক চালক নিহত হন। রবিবার (২২ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাবিব উল্লাহ (৬০) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর এলাকায় রোড রোড রোলারের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায় তেলবাহী গাড়িটি। এসময় তেলবাহী গাড়িতে আগুন ধরে যায়। রোলারের নিচে চাপা পড়ে রোলার চালক নিহত হন। এ ঘটনায় তেলবাহী গাড়ির চালক গুরুতর আহত হন। 

এ ছাড়াও দুর্ঘটনার ৯ ঘন্টা পর রোড রোলার ও তেলবাহী গাড়ি খাদ থেকে তোলার সময় রোলারের নিচে পড়ে থাকে চালক হাবিব উল্লাহ। এ সময় তার মরদেহ উদ্ধার করা হয়।    

জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, ‘মহাসড়কে ঢাকামুখী লেনে রবিবার বিকেলে তেলবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চলন্ত রোলারের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।’