২২ জুন ২০২৫, ১১:০৯

সাবেক মন্ত্রীর মেয়েসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা

ওয়াহিদা হোসেন রূপা  © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় সাবেক আওয়ামী লীগ সরকারের পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালামের মেয়ে ওয়াহিদা হোসেন রূপাসহ ৩৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৫০ জনের বিরুদ্ধে জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা হয়েছে। রূপা মন্ত্রীর উপদেষ্টা ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ জুন) মামলাটি করা হয়।

মামলায় অভিযুক্ত সাতজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদী নান্দাইল মডেল থানা পুলিশের এসআই মো. আবদুল হামিদ মিয়া।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৭ জুন রাতে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদরাসায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তরা পালিয়ে যান।

মামলায় আসামি তিন ইউপি চেয়ারম্যান হলেন উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, শেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।