‘পাতানো’ ফাইনালে যুগ্ম চ্যাম্পিয়ন ২ বিশ্ববিদ্যালয়, ফিক্সিংয়ে জড়িতদের শাস্তি কী?
খেলা মাঠে গড়ানোর আগেই নির্ধারিত হয়েছিল দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সে অনুযায়ী প্রস্তুত রাখা হয়েছিল দুটি ট্রফিও। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেডিয়ামে প্রায় ২০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল। ৮০ মিনিটের খেলা হওয়ার কথা থাকলেও দুই অর্ধে ২০ মিনিট করে মাত্র ৪০ মিনিট খেলা হয়। কোনো দলই গোল না করায় দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পুরো ঘটনাকে ‘স্ক্রিপ্টেড’ বা ‘পাতানো’ দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। অনুসন্ধানে খেলোয়াড়দের বক্তব্য, ফেসবুক পোস্ট ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যেও অভিযোগের সত্যতা মিলেছে।
গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টের বাইলজ (নিয়মাবলি) অনুযায়ী, ফাইনাল ৮০ মিনিট হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের অর্ধেক, অর্থাৎ ৪০ মিনিটেই খেলা শেষ করা হয়। গোলশূন্য ড্রয়ের পর বাইলজের নিয়ম দেখিয়ে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
তবে ফাইনালকে ঘিরে পাতানো ম্যাচের অভিযোগ সামনে আসে খেলোয়াড়দের ফেসবুক পোস্টের মাধ্যমে। পরে খেলোয়াড় কমিটি ও সংশ্লিষ্ট খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বিষয়টি আরও স্পষ্ট হয়। অনুসন্ধানে জানা যায়, ফাইনালের আগেই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি সে অনুযায়ী দুটি ট্রফিও প্রস্তুত রাখা হয়েছিল।
বিশ্বস্ত সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সেমিফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয় জয়ী হয়ে ফাইনালে ওঠার পরই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। খেলা শুরুর আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বৈঠকেও এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সূত্রের দাবি, মূলত দুটি আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, জাতীয় বিশ্ববিদ্যালয় এককভাবে চ্যাম্পিয়ন হলে রাবি স্টেডিয়ামে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। দ্বিতীয়ত, স্টেডিয়ামে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক খেলা উপভোগ করবেন। তাঁর উপস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে—এমন বিবেচনা থেকেই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, খেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাইলজ অনুযায়ী ফাইনাল ৮০ মিনিট হওয়ার কথা থাকলেও গোলশূন্য ড্র হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার নিয়ম রয়েছে।
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল পরিচালনা কমিটি, দুই দলের কোচ-অধিনায়ক ও বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, খেলা শুরুর অন্তত এক ঘণ্টা আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বৈঠকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাবি ফুটবল দলের প্রধান কোচ ওয়াহেদুন নবী অনু, সহকারী কোচ মোহাম্মদ তারিকুল আনাম, বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম মল্লিক, পরিচালক রোকসানা বেগম (টুকটুকি) এবং দলের অধিনায়ক মো. জোবায়ের আহম্মেদ। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান কোচ মো. তাজুল ইসলাম ও অধিনায়ক মো. রোকনুজ্জামান রোকন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্ধারিত সময়ে কোনো দলই গোল করবে না। মাঝমাঠে ‘অভিনয়ের’ মাধ্যমে খেলা চালিয়ে নেওয়া হবে। পরে বাইলজের নিয়ম অনুসরণ করে নির্ধারিত সময় শেষে গোলশূন্য ড্র দেখিয়ে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এদিকে, যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার জন্য আগে থেকেই দুটি ট্রফি প্রস্তুত রাখা হয়েছিল বলেও নিশ্চিত হওয়া গেছে।
যা বলছেন খেলোয়াড়রা
রাবি ফুটবল টিমের ডিফেন্ডার (স্টপার) আকিস মার্ডী জানান, ‘নাটকের শুরুটা হয় ওয়ার্মআপের পর, যখন আমরা সেরা একাদশ নিয়ে মাঠে নামি। মাঠের ভেতরে প্রেয়ার শেষ হওয়ার পর ক্যাপ্টেন সতীর্থদের উদ্দেশে বলেন, আমরা কোনো গোল করব না এবং সেভাবে আক্রমণেও যাব না। অন্যদিকে, প্রতিপক্ষ দলও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামে। উদ্দেশ্য ছিল, গোলশূন্য অবস্থায় খেলা শেষ করে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা।’
আকিস মার্ডী আরও বলেন, কিন্তু আমরা যে শুধুই দাবার গুটি, সেই বিষয়টি তখনো বুঝতে পারিনি। আসলে সেই মুহূর্তে কী করা উচিত, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। না কেউ মাঠ থেকে উঠতে পারছিলাম, না কাউকে কিছু বলতে পারছিলাম। কারণ সবাই মুখোশ পরা ব্যক্তি। অবশেষে ম্যাচ শেষে বিতর্কিত যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা। মাঝেমধ্যে মন চাইছে বিষ খেয়ে মরে যাই এই কলঙ্কের বোঝা নিতে না পেরে, যে কলঙ্কের দাগ পড়ছে আদৌ কি মরে গিয়েও শান্তি মিলবে?
ঠিক একই কথা স্বীকার করে এক ফেসবুক পোস্টে রাবি ফুটবল টিমের মিডফিল্ডার (মধ্যমাঠ) মো. মখলেসুর রহমান আকাশ বলেন, ‘জানি না, ক্যাপ্টেনকে কখন, কারা, কী বলেছে। তবে আমার কাছে মনে হয়, এই বিষয়ে ক্যাপ্টেনের উচিত ছিল আমাদের সঙ্গে আলোচনা করা। কিন্তু জানি না তিনি কেন মাঠে নামার আগে উক্ত বিষয় নিয়ে আলোচনা করলেন না। তারপর ক্যাপ্টেন মাঠে প্রবেশের পরই আমাদের বিষয়টি জানিয়েছেন।’
এদিকে, ফেসবুকে এসব বিষয় উল্লেখ করে পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টা পর দুজনই তাঁদের পোস্টগুলো মুছে দেন। তবে কোনো চাপের মুখে পড়ে, নাকি অন্য কোনো কারণে তাঁরা পোস্টগুলো ডিলিট করেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ কথা স্বীকার করে রাবি ফুটবল টিমের আরেক মিডফিল্ডার মেহেদী হাসান জানিয়েছেন, ‘আপনারা যা দেখেছেন, এর সাথে আমার ন্যূনতম জানাশোনা ছিল না। মাঠে নেমে বিষয়টি জেনেছিলাম। এর প্রতিবাদস্বরূপ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন ও ব্যক্তিগত মেডেল না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রুমে চলে আসছি। চ্যাম্পিয়ন উপলক্ষে খেলোয়াড়দের যত সুযোগ-সুবিধা দিবে সেগুলোও নিব না। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের হয়ে আর কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে রাবি ফুটবল দলের অধিনায়ক মো. জোবায়ের আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছু জানি না। বাইলজ অনুযায়ী যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’
তবে বাইলজের নিয়ম না মেনে খেলা সংক্ষিপ্ত করা এবং কোনো আক্রমণে না গিয়ে গোলশূন্য ড্র করতে খেলোয়াড়দের চাপ প্রয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অনেক বড় বিষয়। আমি বাইরে আছি, এখানকার কিছু বুঝতে পারছি না। নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে।’
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক ও রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান রোকন বলেন, ‘আমরা পরিস্থিতির শিকার, আমাদের কিছু করার ছিল না। অধিনায়ক হিসেবে কিছু করতে না পারায় আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।’
অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে দুই দলের ছয়জন খেলোয়াড়ের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না খেলোয়াড়েরা। তবে ওয়ার্মআপ শেষে দুই দলের অধিনায়ক তাঁদের এভাবে খেলতে নির্দেশ দেন। খেলোয়াড়েরা নিজেদের ‘পরিস্থিতির শিকার’ বলে উল্লেখ করেছেন। অধিনায়করাও বিষয়টিকে ‘পরিস্থিতির শিকার’ ও ‘ওপরের চাপ’ হিসেবে উল্লেখ করে দায় এড়িয়ে গেছেন।
যা বলছেন শিক্ষার্থীরা
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাবির শিক্ষার্থী ও মাঠে উপস্থিত দর্শকেরা। শিক্ষার্থীদের অভিযোগ, খেলা শুরুর আগেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী দুটি ট্রফিও প্রস্তুত রাখা হয়। তাঁদের মতে, এমন ‘পাতানো’ ম্যাচে যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফি গ্রহণ করাও ক্রীড়াসুলভ আচরণ নয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের বহিষ্কারের দাবিও জানান তাঁরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মিশকাত আহমেদ শাকিল বলেন, ‘দুই দলকেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে বহিষ্কার করতে হবে।’
আরেক শিক্ষার্থী রাজ্জাকুল ইসলাম তারিক বলেন, ‘স্বাগতিকদের ধিক্কার জানাই। এমন একটি খেলা দেখার জন্য অনেকে নিজেদের প্রয়োজনীয় কাজ ফেলে মাঠে এসেছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে মাঠে এত দর্শক আমি আগে দেখিনি। অথচ শেষ পর্যন্ত সবাইকে ধোঁকা দেওয়া হলো। সবার প্রতি অনুরোধ, রাবি দলের খেলা বর্জন করুন। তারা নিজেরাই খেলুক আর এমন লজ্জাজনক চ্যাম্পিয়নত্ব নিয়ে নিজেরাই উল্লাস করুক।’
রাজশাহী কলেজ থেকে খেলা দেখতে আসা এক দর্শক বলেন, ‘খেলা দেখতে অনেক আগ্রহ নিয়ে মাঠে এসেছিলাম। কিন্তু এমন একটি ফাইনাল দেখে হতাশ হয়েছি। হাজারো দর্শকের আবেগ ও সময়ের কোনো মূল্য দেওয়া হয়নি। খেলার নামে এমন সমঝোতা মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
আয়োজক কমিটি, কোচ, পরিচালকরা কী বলছেন
এ বিষয়ে কথা হয় রাবি শরীরচর্চা বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম মল্লিকের সঙ্গে। তিনি বলেন, ‘আমি খাবার ব্যবস্থাপনাসহ অন্যান্য দায়িত্বে ছিলাম। এ বিষয়ে কিছু বলতে পারব না।’
ফাইনাল ম্যাচ পাতানো ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তবে আমার কাছে মনে হয়, স্বাগতিক মাঠে কোনো ধরনের ঝামেলা এড়াতেই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়ে থাকতে পারে, যাতে কোনো সমস্যা না হয়।’
এ বিষয়ে জানতে চাইলে রাবি ফুটবল দলের প্রধান কোচ ওয়াহেদুন নবী অনু বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। বাইলজ অনুযায়ীই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।’
তবে বাইলজের নিয়ম না মেনে খেলা সংক্ষিপ্ত করা এবং খেলোয়াড়দের আক্রমণে না গিয়ে গোলশূন্য অবস্থায় খেলা শেষ করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। আপনি সহকারী কোচ তারেকের সঙ্গে কথা বলেন। এ ছাড়া বিষয়টি আপার (রোকসানা বেগম) সঙ্গে কথা বলেন, আমার কিছু জানা নেই।’
এ বিষয়ে কথা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগমের সঙ্গে। খেলাটি আগে থেকেই পাতানো ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কোনো পাতানো খেলা ছিল না। এটা কি সম্ভব? মাঠে কী হয়েছিল, সেটা খেলোয়াড়রাই বলতে পারবে। আমি বলতে পারব না, এটা আমার বলার কথাও নয়। খেলাটা সুন্দর সুশৃঙ্খল কোনো ঝামেলা ছাড়া শেষ করেছি, এটাই কি আমার অপরাধ?
খেলোয়াড়দের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে তিনি বলেন, ‘যারা ফেসবুকে এসে স্ট্যাটাস দিচ্ছে, তারা হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমনটি করছে। তা না হলে মাঠের মধ্যে বিষয়টি শোনার পর সে বের হয়ে চলে আসেনি কেন? পরে স্ট্যাটাস দিয়ে জানাবে কেন? আমার মনে হয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। একটি সুন্দর খেলাকে বিতর্কিত করার জন্যই এমনটি করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে রাবি ফুটবল দলের সহকারী কোচ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের প্রধান কোচের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।
আইন কী বলছে?
জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ২১ ধারা অনুযায়ী ম্যাচ ফিক্সিংয়ের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড এবং ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার বিধান রয়েছে। ম্যাচ ফিক্সিংয়ে অনধিক ৭ বছর কারাদণ্ড, বা অনূর্ধ্ব ১ কোটি টাকা অর্থদণ্ড, বা উভয়দণ্ড হতে পারে। এ ছাড়া আদালত অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য বা স্থায়ীভাবে সংশ্লিষ্ট ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে পারবে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদুল ইসলাম বলেন, খেলাটা যখন আনপ্রেডিক্টেবল হবে, তখনই সবাই খেলাকে উপভোগ করবে। কিন্তু এটা যদি আগে থেকেই পূর্বপরিকল্পিত থাকে, তাহলে সেটা অবশ্যই অপরাধ এবং ফিক্সিংয়ের মতো কাজের সঙ্গে যারা জড়িত, তারা যেই হোক, অবশ্যই তারা অন্যায় কাজ করেছে।
ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের শাস্তির বিষয়ে তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা এবং ভবিষ্যতে আয়োজিত কোনো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
জানতে চাইলে রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহফুজর রহমান জানান, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইন রয়েছে। সেখানে মামলা হতে পারে, অর্থদণ্ড ছাড়াও খেলা থেকে বহিষ্কারও হতে পারে।
যা বলছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও রাবি প্রশাসন
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, আমি এমনিতেই প্রতিদিন খেলা দেখতে যেতাম। কিন্তু ফাইনাল খেলায় আমি বারবার বলছিলাম যে মেহেদী বল পাস দিচ্ছে না কেন? আমরা এসব বিষয়ে ন্যূনতম অবগত ছিলাম না এবং অবগত থাকার প্রশ্নই আসে না। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ প্রমাণ হলে অবশ্যই শাস্তি পাবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে গত দুই দিন ধরে রাবি প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। আমি ও মন্ত্রী মহোদয় একসঙ্গে খেলার দ্বিতীয়ার্ধ গ্যালারিতে বসে দেখেছি। সময় যত গড়াচ্ছিল, খেলা দেখে আমার সন্দেহ হচ্ছিল। মনে হচ্ছিল, শুধু মাঝমাঠেই খেলা হচ্ছে, কোনো দলই আক্রমণে যাচ্ছে না। এতে আমরা খেলাটি উপভোগও করতে পারছিলাম না। তবে তখন কাউকে জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি ছিল না। খেলা এত দ্রুত শেষ হওয়া এবং দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করায় আমি ও মন্ত্রী মহোদয় দুজনেই বিস্মিত হয়েছি।
তিনি আরও বলেন, পরে জানতে পেরেছি, বাইলজ অনুযায়ী খেলা ড্র হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার নিয়ম ছিল। এ ধরনের নিয়ম স্পোর্টসম্যানশিপের সঙ্গে যায় না। বিষয়টি আগে আমার নজরে আসেনি। হাজারো শিক্ষক-শিক্ষার্থীর সামনে এমন সমাপ্তি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অথচ খেলা চলাকালে এমন কিছু ঘটছে, তা আমরা বুঝতেই পারিনি।
অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে উপাচার্য বলেন, রাবি স্টেডিয়ামে আমাদের সামনেই এমন ঘটনা ঘটবে, আর আমি তা মেনে নেব, এমন মানসিকতার উপাচার্য আমি নই। এ বিষয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও রুয়েটের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি। কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে চিহ্নিত করে সত্য সামনে আনার এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি। জড়িত যে-ই হোক, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করব না।
সার্বিক বিষয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় আজ সকালে আমাকে ফোন করেছিলেন। খেলার বিষয়টি নিয়ে তিনি খুবই বিব্রত। খেলার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আমাদের জানা নেই। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আমরা অবশ্যই তদন্ত কমিটি গঠন করব। তদন্তে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে শাস্তির আওতায় আনা হবে।’