শরণার্থী আইন ও সুরক্ষা নিয়ে এসইউবিতে দিনব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত
শরণার্থী আইন ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং এ বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী বুটক্যাম্প আয়োজন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ মুট কোর্ট সোসাইটি (এসইউবিএমসিএস) ও বাংলাদেশ সেন্টার ফর রিফিউজি ল অ্যান্ড স্টাডিজ (বিসিআরএলএস)। এতে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশ নেন। গত ২ নভেম্বর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রাঙ্গণে ‘শরণার্থী আইন ও সুরক্ষা প্রয়োগ’ শীর্ষক এ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শরণার্থী বিষয়ে সচেতনতা বাড়াতে এবং শরণার্থীদের সুরক্ষার গুরুত্ব উপলব্ধি করতে সহায়তা করে।
বুটক্যাম্পে তিনটি একাডেমিক সেশন ও একটি অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়। প্রথম একাডেমিক সেশনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আইনি কাঠামোর পাশাপাশি বাস্তবে শরণার্থী সুরক্ষা কীভাবে কার্যকর হয়, তা তুলে ধরেন।
দ্বিতীয় সেশনটি ছিল এক্সপ্রেশন সেশন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রভাষক মো. বাহেদুল ইসলামের পরিচালনায় এতে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে মতবিনিময়, ভিন্নমত শোনা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার অনুশীলন করেন।