বইমেলায় আসছে মুনাওয়ার হাসনাইনের প্রথম কবিতার বই
চলতি অমর একুশে বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে কবি ও গীতিকার মুনাওয়ার হাসনাইনের প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’। বইটি প্রকাশ করছে আলোর ঠিকানা প্রকাশনী। একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ৩৫৬-৩৫৭ নম্বর স্টলে পাওয়া যাবে কাব্যগ্রন্থটি।
বয়সে তরুণ হলেও মুনাওয়ার হাসনাইন ছন্দনৈপুণ্য ও নান্দনিক উপমার ব্যবহারে ইতোমধ্যে সাহিত্যাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। কবিতা ও গানে তার স্বতন্ত্র কাব্যভাষা পাঠক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
কবি ও গীতিকার রাকিবুল এহসান মিনার বইটি সম্পর্কে বলেন, মুনাওয়ার বয়সে তরুণ হলেও সাহিত্যে তার হাত যথেষ্ট পরিণত। এই কাব্যগ্রন্থের নাম নির্বাচন থেকে শুরু করে প্রতিটি পাতায় সেই পরিপক্বতার স্বাক্ষর রয়েছে। লেখকের নাম ছাড়া পাণ্ডুলিপি পড়লে বোঝাই যেত না এটি কোনো তরুণের প্রথম কাব্যগ্রন্থ।
বাংলাদেশ সাহিত্য মঞ্চের সভাপতি রবিউল ইসলাম শেখ বলেন, পড়াশোনা, শিল্পচর্চা ও আন্দোলনের সমান্তরাল অভিযাত্রায় মুনাওয়ার হাসনাইন নিজেকে নির্মাণ করছেন এক দায়বদ্ধ, সংবেদনশীল ও সৃজনশীল লেখক হিসেবে। তারই প্রতিফলন ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’ গ্রন্থে ফুটে উঠেছে। তিনি বইটির ব্যাপক প্রচার-প্রসার এবং লেখকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, মুনাওয়ার হাসনাইনের লেখা গান ‘রক্ষাকবচ’ ইতোমধ্যে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ‘কাসীদা’ ব্যান্ডের লিড ভোকাল আহমাদ আতাউল্লাহ সালমানের কণ্ঠে এই গান ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও মুনাওয়ার হাসনাইন রচিত আরও বেশ কিছু গান প্রশংসিত হয়েছে শ্রোতামহলে।