ব্যারিস্টার সোলায়মান তুষারের গবেষণামূলক বই, ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান সময়ের সংঘাতময় ঘটনা নিয়ে লিখিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষারের গবেষণামূলক বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ (Bangladesh After A Gory Dawn) প্রকাশিত হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) থেকে আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান এমাজনের কিন্ডেল প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাজনের ওয়েবসাইট থেকে ই-বুক (https://www.amazon.com/dp/B0H6SZK3HP) ও পেপার বুক অর্ডার করা যাচ্ছে।
ই-বুকের দাম ৯.৯৯ ডলার ও পেপার বুকের দাম ১৯.৯৯ ডলার।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের বিভীষিকাময় ইতিহাস থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের রক্তক্ষয়ী জুলাই বিপ্লব ও সমসাময়িক রাজনীতির এক বাস্তবধর্মী ও গবেষণামূলক চিত্র ফুটে উঠেছে নতুন একটি বইয়ে। লেখক ব্যারিস্টার সোলায়মান তুষারের লেখা ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ (Bangladesh After a Gory Dawn) বইটিতে দেশের সাবেক দুজন প্রেসিডেন্টকে নির্মমভাবে হত্যা, স্বৈরাচার এরশাদের ক্ষমতা গ্রহণ ও পতন এবং স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারীদের নানা ঐতিহাসিক অধ্যায় গল্পের আকারে আলোচনা করা হয়েছে।
বইটিতে অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গল্প, যেখানে তিনি কীভাবে একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির শীর্ষ স্থানে উঠে এলেন তার বর্ণনা রয়েছে। এর পাশাপাশি সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের নাটকীয় উত্থান ও পতন নিয়েও বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বিগত বছরগুলোতে বাংলাদেশে ঘটে যাওয়া বিচারবহির্ভূত হত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের চিত্র বইটিতে বিস্তারিতভাবে উঠে এসেছে। বিশেষ করে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত দেশের ইতিহাসের অন্যতম বড় ছাত্র বিক্ষোভ এবং তৎকালীন সরকারের চালানো ব্যাপক গণহত্যার নৃশংস বর্ণনা বইটিতে তথ্যবহুলভাবে উপস্থাপন করা হয়েছে।
বইটিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের যৌক্তিক কারণ দেখিয়ে ব্যাপক সমালোচনা করা হয়েছে। বিশেষ করে, অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেওয়া সত্ত্বেও কেন শেষ পর্যন্ত জুলাই বিপ্লবে সংঘটিত গণহত্যার মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) করেনি, তার পেছনের কারণ ও তথ্য-প্রমাণ বইটিতে উন্মোচন করা হয়েছে এবং সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
দীর্ঘ সময় প্রবাসী জীবন কাটানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, সেই রাজনৈতিক যাত্রার আদ্যোপান্ত ও ক্ষমতার সমীকরণ বইটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এবং এর ছাত্র-নেতাদের পরবর্তী কর্মকাণ্ড নিয়ে বইটিতে কঠোর আলোকপাত করা হয়েছে, যেখানে সংগঠনটির ছাত্র-নেতারা কীভাবে দেশব্যাপী চাঁদাবাজি ও অপরাধে নিমজ্জিত হয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিলেন তার বর্ণনা রয়েছে। পাশাপাশি, জাতীয় সংসদ নির্বাচনে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) কেন প্রত্যাশিত ফলাফল করতে ব্যর্থ হলো, তারও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
বইটির লেখক ব্যারিস্টার সোলায়মান তুষার বলেন, ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ একটি বাস্তবধর্মী গবেষণামূলক বই। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান রক্তাক্ত সময়ের ঘটনাবহুল ঘটনাগুলোই স্থান পেয়েছে বইটিতে। চলার পথে যা দেখেছি ও পড়েছি তাই নিজের মতো করে বর্ণনা করেছি। অনেক অজানা তথ্য রয়েছে বইটিতে, যা পাঠকরা বইটি পড়ে জানতে পারবেন।