১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭

অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা

অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা  © সংগৃহীত

সাধারণত চৈত্র মাসের শেষ ভাগ কিংবা গ্রীষ্মের শুরুতে বাজারে দেখা মেলে কাঁচা আমের। কিন্তু এবার সেই চিরচেনা সময়ের অপেক্ষা করতে হয়নি কক্সবাজারের টেকনাফের ব্যবসায়ীদের। অগ্রহায়ণ মাসের শুরুতেই স্থানীয় হাটবাজারে দেখা মিলেছে কাঁচা আম। স্বাভাবিক মৌসুমের প্রায় চার মাস আগেই বাজারে আসা এসব আম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়। অসময়ে আমের দেখা পেয়ে স্থানীয় ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে দাম বেশি হওয়ায় অনেকেই শখ করে এক-দুটি আম কিনছেন, কেউবা শুধু দেখেই ফিরে যাচ্ছেন।

সোমবার (১৬ নভেম্বর) রাতে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশের ফুটপাতে আম বিক্রি করতে দেখা যায় স্থানীয় বিক্রেতা নুরুল হোসেনকে। ক্রেতাদের নজর কাড়তে সুতা দিয়ে বেঁধে আমগুলো ঝুলিয়ে রেখেছেন তিনি। পাশাপাশি সাজিয়ে রেখেছেন বিক্রির জন্য। পথচারীদের অনেকেই দাঁড়িয়ে আমের দাম জানতে চাইছেন। কেউ কিনছেন, আবার কেউ চড়া দাম শুনে ফিরে যাচ্ছেন।

বিক্রেতা নুরুল হোসেন বলেন, টেকনাফের বিভিন্ন গ্রামের বাগান থেকে আগাম উৎপাদিত আম কিনে এনে বাজারে বিক্রি করছেন তিনি। বর্তমানে প্রতি কেজি আম ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের অনেক আগেই আম বাজারে আসায় ক্রেতাদের আগ্রহও তুলনামূলক বেশি।

তাঁর কাছ থেকে আম কিনছিলেন মোহাম্মদ আলী। তিনি বলেন, অগ্রহায়ণ মাসে সাধারণত আম পাওয়ার কথা নয়। বাড়ির আশপাশের গাছগুলোতেও এখনো মুকুল আসেনি। অথচ বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আগাম ফলন হওয়ায় দাম বেশি হলেও কৌতূহল থেকে ৮০০ টাকা দিয়ে এক কেজি আম কিনেছেন তিনি।

আগাম আম উৎপাদনের পেছনের গল্পও বেশ চমকপ্রদ। আম সরবরাহকারী বাগানমালিক মো. হাবিবুর রহমান জানান, প্রায় ২৪ বছর আগে মিয়ানমারের মংডুতে মামার বাড়িতে বেড়াতে গিয়ে পাহাড়ের পাদদেশে একটি আমবাগান দেখে তিনি আগ্রহী হন। সেখান থেকে পাকা আম নিয়ে এসে মিয়ানমারের বাগানমালিকদের পরামর্শে টেকনাফে প্রায় ২০০টি আমের চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যার ফলে কয়েক বছরের মধ্যেই অধিকাংশ গাছে ফলন শুরু হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, টেকনাফের মেরিন ড্রাইভ-সংলগ্ন শাহপরীর দ্বীপ, পল্লানপাড়া, মিঠাপানির ছড়া, বড় ডেইল, বাইন্যাপাড়া ও নোয়াখালিয়াপাড়ায় কয়েক বছর ধরে আগাম আম উৎপাদিত হচ্ছে। এসব এলাকার বাগানে উৎপাদিত আম স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে।

জানতে চাইলে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম কুতুবী বলেন, সাধারণত চৈত্র মাসের শেষ দিকে কিংবা গ্রীষ্মের শুরুতে কাঁচা আম বাজারে আসে। তবে এবার অগ্রহায়ণ মাসেই আম পাওয়া যাচ্ছে। আবহাওয়াসহ বিভিন্ন প্রাকৃতিক কারণে এ ধরনের আগাম ফলন হতে পারে। বিষয়টি স্থানীয় চাষিদের উৎসাহিত করছে। অসময়ে আম বাজারে আসায় অনেকেই কৌতূহলবশত ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো প্রকাশ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কিছু বারোমাসি জাতের আমগাছে বছরে তিনবার পর্যন্ত ফলন হয়ে থাকে। তবে টেকনাফের এসব গাছে বছরে তিনবার ফলন হচ্ছে না; বরং একবারই ফলন হচ্ছে, যা স্বাভাবিক মৌসুমের তুলনায় অনেক আগেই বাজারে আসছে। সাধারণত চৈত্র মাসে পাওয়া আম এবার অগ্রহায়ণেই পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে এসব আগাম ফলনশীল আমগাছের বৈশিষ্ট্য, জাত ও চাষের উপযোগিতা নিরূপণ করা প্রয়োজন। পরে দেশের অন্যান্য এলাকায় বাণিজ্যিকভাবে এ ধরনের আম চাষের উদ্যোগ নেওয়া গেলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।