২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৭

প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল  © সংগৃহীত

সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং পুরোনো ডিলারদের কারসাজি বন্ধে প্রতিটি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এর ফলে সারের কৃত্রিম সংকট নিরসনের পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্যে সার পাওয়ার সুযোগ পাবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা ও সামর্থ্যের ওপর দাঁড়াতে হবে। যেভাবে ১৯৭১ সালে জাতি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জন করেছে, একইভাবে জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার প্রসঙ্গে মন্ত্রী সাবেক কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি কুইক রেন্টালকে ‘চোরের রেন্টাল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বিগত সরকার জনগণের স্বার্থের পরিবর্তে লুটপাটের উদ্দেশ্যে এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল। জনদুর্ভোগ কমানো এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ জিন্নাহ কবীর খান, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান এবং মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।