তিন প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, বিক্রি ও বিপণন বন্ধের নির্দেশ
ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় বাজারে থাকা তিনটি প্যাকেটজাত খাদ্যপণ্যের বিক্রি ও বিপণন বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে এসব পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে বিএফএসএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো হলো ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট), ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট) এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)।
আরও পড়ুন: টেক্সট ও স্ক্রোল করার সময় বুড়ো আঙুলের ব্যথা কমাবেন যেভাবে
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, পরীক্ষাগারে বিশ্লেষণে এসব খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর ও অনুমোদিত সীমার চেয়ে বেশি মাত্রায় প্রিজারভেটিভ পাওয়া গেছে। এ কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পণ্যগুলোর বাজারজাতকরণ, বিপণন ও বিক্রি অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।