১৯ নভেম্বর ২০২৬, ২১:৪৭

দ্বিতীয় দফায় সমাবর্তনের ফি কমাল, সনদে ছাড় ১ হাজার টাকা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।  © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় দ্বিতীয় সমাবর্তনের ফি কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি—তিন পর্যায়ের সনদ ফি এক হাজার টাকা করে কমানো হয়েছে। এর আগে প্রথম দফায় সমাবর্তনের নিবন্ধন ফি এক হাজার টাকা কমানো হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্নাতক (সম্মান) পর্যায়ের সনদ ফি দুই হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে দুই হাজার ৫০০ টাকার পরিবর্তে এক হাজার ৫০০ টাকা এবং পিএইচডি পর্যায়ে তিন হাজার টাকার পরিবর্তে দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৪ সালে এসব ফি নির্ধারণ করা হয়েছিল।

আগামী ৬ ফেব্রুয়ারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য গত ১ নভেম্বর থেকে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যাঁরা ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, ফি কমানোর ফলে তাঁদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।

সমাবর্তনের খরচ কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শাখা ছাত্রদল ও ছাত্রশিবির প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিল। শিক্ষার্থীদের আর্থিক চাপ বিবেচনায় নিয়ে প্রথম দফায় সমাবর্তনের নিবন্ধন ফি চার হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা করা হয়। এবার সনদ ফি কমানোর মধ্য দিয়ে দ্বিতীয় দফায় সমাবর্তনের খরচ পুনর্নির্ধারণ করল প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফের বিশেষ বিবেচনায় সনদ ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই ফি কমানো হয়েছে। সমাবর্তন তাদের জন্যই। তাই তাদেরকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।’