০৪ নভেম্বর ২০২৬, ০০:৩১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের আন্দোলন  © টিডিসি ছবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণের গবেষণা মাঠটি অবিলম্বে হস্তান্তরের দাবিতে ৪ নভেম্বর  থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জমি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা সম্পূর্ণ বন্ধ থাকবে। 

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গবেষণার জন্য নির্ধারিত জমি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা না হওয়া পর্যন্ত এই শাটডাউন ও রাজপথের আন্দোলন থামবে না। জমির অভাবে বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান তারা।

 ২ নভেম্বর ( সোমবার) শিক্ষার্থীরা পুরাতন বাণিজ্য মেলার মাঠে উপস্থিত হয়ে মেলা ও অন্যান্য কাজের অবশিষ্ট অবকাঠামো গুঁড়িয়ে দেন। এরপর সেখানে ট্রাক্টর নামিয়ে জমি চাষ দিয়ে গবেষণার জমি হস্তান্তরের জোর দাবি পুনর্ব্যক্ত করেন।

এর আগে আন্দোলনের অংশ হিসেবে টানা ক্লাসবর্জন, গণজমায়েত ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। গত রবিবার চতুর্থ দিন এবং তার আগের বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো রাজধানীর ব্যস্ততম আগারগাঁও-ফার্মগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গবেষণা মাঠটি ফেরত পাওয়ার দাবি শেকৃবি পরিবারের দীর্ঘদিনের। গত ১৫ অক্টোবর হস্তান্তরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে মানববন্ধন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

তবে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে টানা আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের প্রথম দিনে বাণিজ্য মেলা প্রাঙ্গণে সচিবালয় ভবনের সয়েল টেস্টের সরঞ্জাম জব্দ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাইনবোর্ড খুলে নেওয়া হয়। পরদিন বুধবার সেখানে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার অবকাঠামো ভাঙচুর চালানো হয়।