২৭ অক্টোবর ২০২৬, ১৪:৪৫

পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখা নতুন সচিবালয় নির্মাণের সামগ্রী নিয়ে গেলেন শেকৃবি শিক্ষার্থীরা

গবেষণা মাঠে সচিবালয় স্থাপনের জন্য মাটির গুণাগুণ পরীক্ষার যন্ত্রপাতি ক্যাম্পাসে নিয়ে এসেছে আন্দোলনরত শিক্ষার্থীরা  © টিডিসি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণা মাঠে সচিবালয় স্থাপনের জন্য চলমান মাটির গুণাগুণ পরীক্ষার (সয়েল টেস্ট) যন্ত্রপাতি ক্যাম্পাসে নিয়ে এসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে পুরাতন আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে গণজমায়েত কর্মসূচি পালনকালে তারা এসব যন্ত্রপাতি নিয়ে আসেন। একই সঙ্গে গবেষণা মাঠ পুনরায় বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা মাঠটি ফিরিয়ে না দেওয়ায় ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে মাঠটি পুনরুদ্ধারে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

তারা জানান, পুরাতন আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে মেলা আয়োজন বন্ধের জন্য সংশ্লিষ্ট কমিটিকে আলটিমেটাম দিয়েছেন। তাদের দাবি, গবেষণার জন্য নির্ধারিত জমি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সেখানে অন্য কোনো স্থাপনা বা কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এর আগে, গত ১৫ অক্টোবর গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শেকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একই দিন মাঠটি দ্রুত ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।

এদিকে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচির বিষয়ে শেকৃবির গবেষণা মাঠ পুনরুদ্ধার স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী বলেন, পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত সাধারণত সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের সভায় নেওয়া হয়। আপাতত পূর্বনির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে সাধারণ সভায় উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করা হবে। এটি কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয়।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন, ক্যাম্পাসে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এর আগে, ২০১৫ সালে যখন প্রথম শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। পরবর্তীতে এই দাবি নিয়ে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা মিলে ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ (Take Back SAU Land) শীর্ষক একটি বড় কর্মসূচি পালন করেন এবং মাঠটি ফেরত চান।