উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে নতুন ভিসি নিয়োগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে
উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের মাঝেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ( সিকৃবি) নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার। সোমবার ( ২৮ সেপ্টেম্বর) অধ্যাপক ড. সফি উল্যাহ মজুমদারকে সিকৃবির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার, প্রফেসর, এগ্রিকালচার এক্সটেশন এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-কে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।
উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণের দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন সিকৃবির শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশ। ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে পাঁচ শিক্ষকসহ এগারো শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেন। পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, উপাচার্য দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, কেনাকাটা, উন্নয়নকাজ ও প্রশাসনিক সিদ্ধান্তে বিভিন্ন অনিয়ম হয়েছে। তাদের দাবি, আবেদনের ন্যূনতম যোগ্যতা পূরণ না করা প্রার্থীদেরও শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেধাবী গ্র্যাজুয়েটদের বঞ্চিত করে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। সাম্প্রতিক আটজন শিক্ষক নিয়োগে পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে বলেও দাবি তাদের।