১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫

ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

পুরস্কার নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান  © সংগৃহীত ছবি

গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। মেলার সমাপনী দিনে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

‘Innovate to Market’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় বিশ্ববিদ্যালয়গুলো এক হাজারেরও বেশি উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির বেশি প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত শীর্ষ ১২টি জাত ও প্রযুক্তি মেলায় প্রদর্শন করে। কৃষি, গবেষণা ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এসব উদ্ভাবনের বৈজ্ঞানিক গুরুত্ব, বাস্তব প্রয়োগযোগ্যতা, সৃজনশীলতা ও বাণিজ্যিক সম্ভাবনা দর্শনার্থী, শিল্প উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে।

মেলায় অংশ নেওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের সঙ্গে তুলনামূলক মূল্যায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগুলো অধিক সম্ভাবনাময় ও জনকল্যাণমুখী হিসেবে বিবেচিত হয়। এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাকৃবিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উদ্ভাবকরাও উপস্থিত ছিলেন।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ অসাধারণ সাফল্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গবেষণাগার ও মাঠপর্যায়ের সব কর্মীর সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল।

তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনগুলো বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়ন, উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এসব উদ্ভাবন দেশের খাদ্য ও কৃষি নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর অবদান রাখবে।

উল্লেখ্য, বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবনকে শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করা, গবেষণালব্ধ প্রযুক্তির বাণিজ্যিক সম্ভাবনা তৈরি এবং দেশীয় প্রযুক্তিকে মানুষের জীবন ও অর্থনীতির কাজে লাগানো। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ দেশের জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।