বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষার্থী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে একাডেমিক ফলাফলের ভিত্তিতে চার শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ইন্টার্নশিপে অংশ নেওয়া ১০৮ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিনস মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্ত চার শিক্ষার্থী হলেন—মো. গোলাম সাকলায়েন আনাস, উম্মে হাবিবা ফারিয়া, আমাতুল কিবরিয়া তামান্না ও তায়েবা তাবাসসুম তিশা।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষক ও পরিকল্পনা শাখার পরিচালক ড. মো. আমিরুল ইসলাম এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ফারুক-উল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টার্নশিপ ব্যবস্থাপনা সেলের সমন্বয়ক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আল ইমরান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘স্নাতক সম্পন্ন করা ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার বাইরে হাতে-কলমে শেখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হলো ইন্টার্নশিপ। এ প্রোগ্রামে সহযোগিতা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশে মৎস্য খাতে শেখার অসংখ্য সুযোগ ও ক্ষেত্র রয়েছে। ইন্টার্নশিপে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় অবদান রাখতে হবে।’