বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মুজিবর রহমান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের ডিন ও এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর তাঁর স্থলে অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ছাত্রবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। ওই দিন তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে তিনি কৃষি অনুষদের ডিনের দায়িত্বও পালন করবেন। ছাত্রবিষয়ক উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
এর আগে ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বাকৃবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁর স্থলে নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।