১১ আগস্ট ২০২৬, ১৫:১২

বাকৃবিতে মাস্টার্স ও পিএইচডির কার্যক্রমে নতুন ডিজিটাল সেবা চালু

পিএইচডি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করার ব্যবস্থা চালু করল বাকৃবি  © টিডিসি ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাস্টার্স পরীক্ষার বিল ও সম্মানী সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন এবং পিএইচডি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করার ব্যবস্থা চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এ দুটি সেবার পাশাপাশি আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ডিজিটাল ই-ডায়েরি অ্যাপও চালু করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এসব ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাগুলোর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী।

নতুন চালু হওয়া সেবার আওতায় মাস্টার্স পরীক্ষার বিল ও সম্মানী সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে। একই সঙ্গে পিএইচডি ভর্তির পুরো প্রক্রিয়াও অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্টদের প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আইসিটি সেলের সংশ্লিষ্ট সদস্যরা।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এসব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সেবা কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হবে।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা আরও সহজে ও দ্রুত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।