০৫ আগস্ট ২০২৬, ১৯:১০

নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রক্তদান কর্মসূচিতে গাকৃবি উপাচার্য  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি আন্তরিক সহমর্মিতা এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’।

বুধবার (৫ আগস্ট) ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয় হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই শহিদ স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের আঁকা ছবিতে আত্মত্যাগ, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন ফুটে ওঠে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের চিত্রকর্ম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল ফটো কনটেস্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের আলোকচিত্রে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, দেশপ্রেম, গণমানুষের আকাঙ্ক্ষা এবং সাম্যভিত্তিক সমাজ নির্মাণের প্রত্যয়।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর, রেজিস্ট্রারসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহিদ স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। অনুষ্ঠানে প্রো-ভিসি প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন। এছাড়া গাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, সিনিয়র অধ্যাপক ড. মো. আবু আশরাফ খান এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা বক্তব্য রাখেন।

আলোচনা পর্বের ফাঁকে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত কবিতা, দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশন করেন। সাংস্কৃতিক পরিবেশনাগুলো শহিদদের আত্মত্যাগের স্মৃতিকে নতুন করে জীবন্ত করে তোলে এবং উপস্থিত সবার মধ্যে দেশপ্রেম ও দায়বদ্ধতার অনুভূতি জাগিয়ে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ কেবল ইতিহাসের একটি ঘটনা নয়, এটি আমাদের বিবেক, সাহস ও দায়িত্ববোধের চিরন্তন প্রেরণা। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জ্ঞান, মানবিকতা, ন্যায়বোধ ও সততাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মই হবে বৈষম্যহীন, গণতান্ত্রিক, বিজ্ঞানমনস্ক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রদূত। ভবিষ্যতে দেশে যেন কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনবদ্য অবদানের জন্য তাদের ধন্যবাদ জানান।’

অনুষ্ঠানের শেষে ভার্চুয়াল ফটো প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। পরে শহিদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।