বাকৃবি ক্যাম্পাসে ওয়ান-টাইম প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা
মাইক্রোপ্লাস্টিক দূষণজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের সব খাবার দোকানে একবার ব্যবহারযোগ্য (ওয়ান-টাইম) প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে ক্যাম্পাসের রেস্তোরাঁ ও ক্যাফেটেরিয়াগুলোকে নিরাপদ বিকল্প ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বুধবার (২৮ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিক দূষণের ক্রমবর্ধমান হুমকি বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাইক্রোপ্লাস্টিকের উদ্বেগজনক পরিস্থিতির কারণে ১ আগস্ট থেকে বাকৃবিতে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ক্যাম্পাসের মিলন হোটেল, জব্বার হোটেল ও টিএসসি ক্যাফেটেরিয়াসহ কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলে বারবার পানি ভরে শিক্ষার্থীদের পরিবেশন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে একই বোতল দিনের পর দিন ব্যবহার করা হচ্ছিল।
বিশেষজ্ঞদের মতে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল পুনঃব্যবহার এবং তা তাপের সংস্পর্শে এলে পানিতে মাইক্রোপ্লাস্টিক, ন্যানোপ্লাস্টিকসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ কারণে স্বাস্থ্য সুরক্ষায় প্লাস্টিকের বোতলের পরিবর্তে নিরাপদ বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।