গাকৃবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবার্ন ও পারদু ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সাক্ষাৎ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে ছিলেন পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউনিভার্সিটির কলেজ অব এগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস। ড. আহমেদ মুস্তফার সার্বিক সহযোগিতায় এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।
এ সময় গাকৃবির ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতে অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানান উপাচার্য। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ২০২৫ ও ২০২৬ সালে আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থার বিভিন্ন র্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি বৈশ্বিক অঙ্গনেও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ইতিহাস, গবেষণায় অর্জিত সাফল্য, কৃষি ও মৎস্য খাতে উদ্ভাবিত প্রযুক্তি এবং কৃষকবান্ধব নতুন জাত উদ্ভাবনের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
বৈঠকে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক কৃষি ও জলজ প্রাণিসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
আলোচনায় ড. আহমেদ মুস্তফা ও টিমোথি জে. ব্রুস গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অবার্ন ইউনিভার্সিটি এবং পারদু ইউনিভার্সিটির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন। উপাচার্য এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা বাস্তবায়িত হলে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি দেশের কৃষি খাতেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
উভয় পক্ষই আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে গবেষণা, উদ্ভাবন, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা আরও জোরদার হবে।
সাক্ষাৎ শেষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদেশি অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য।
পরে অবার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ, আধুনিক গবেষণাগার এবং ফিশারিজ অনুষদ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো, চলমান বৈজ্ঞানিক কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথ গবেষণার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।