২৯ জুলাই ২০২৬, ১৫:২১

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ

নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে  © টিডিসি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে তারা নতুন উপাচার্যের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তার সফল নেতৃত্ব কামনা করেন।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ আয়োজন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

একই দিন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারাও উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার সফল নেতৃত্ব কামনা করেন।

অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি এবং টটোরি বিশ্ববিদ্যালয় থেকে বায়ো-প্রোডাকশন সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রধান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক্সটেনশন সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর এবং চীনের ইউনান একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসে পোস্টডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের অভিজ্ঞতা, নেতৃত্ব ও দূরদর্শিতার মাধ্যমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।