২৭ জুলাই ২০২৬, ১৫:৩৩

৭ দিনের নবজাতক রেখে না ফেরার দেশে বাকৃবির সাবেক শিক্ষার্থী ঐতী

বিশ্ববিদ্যালয়ের লোগো  © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৫৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ডা. বদরুন নাহার ঐতী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তাঁর এমএস গবেষণার তত্ত্বাবধায়ক শিক্ষক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।

সহপাঠীদের থেকে জানা গেছে, সম্প্রতি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি সন্তান জন্ম দেন। তবে অস্ত্রোপচারের পর শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসাধীন অবস্থায় সন্তান জন্মের সাত দিন পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, সদ্যোজাত সন্তান, পরিবার-পরিজন, সহপাঠী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর স্বামী ৪৩তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম খান।

ডা. বদরুন নাহার ঐতীর অকাল মৃত্যুতে বাকৃবির ডিভিএম ৫৫তম ব্যাচসহ বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।