সিকৃবিতে উপকূলীয় বাস্তুতন্ত্র নিয়ে ১৯টি গবেষণা পোস্টার উপস্থাপন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের ইকোসিস্টেম থিংকিং অ্যান্ড রিসোর্স ডাইনামিকস (ইটিআরডি) ল্যাবের উদ্যোগে ‘উপকূলীয় ও সামুদ্রিক বাস্তুতন্ত্রে প্রাকৃতিক মূলধনের মূল্যায়ন’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় মৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় ও তৃতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম।
মৎস্যবিজ্ঞান অনুষদের কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ (সিএমএফ) কোর্সের আওতায় প্রথমবর্ষের ৯৬ জন শিক্ষার্থী অংশ নেন এ আয়োজনে। তারা বিভিন্ন গবেষণা প্রস্তাবনার ওপর মোট ১৯টি পোস্টার উপস্থাপন করেন। দুটি ক্যাটাগরিতে বিভক্ত পোস্টারগুলো উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব শেষে সেরা ছয়টি দলকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতার বিচারক ছিলেন কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা শামসুজ্জামান, সহকারী অধ্যাপক অনুরাধা তালুকদার এবং সহকারী অধ্যাপক মাফিয়া আক্তার।
ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, পোস্টার প্রেজেন্টেশন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হলেও এ ধরনের কার্যক্রম নিয়মিত হয় না। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়ানোর আশা প্রকাশ করেন।
প্রধান বিচারক অধ্যাপক ড. মো. মোস্তফা শামসুজ্জামান বলেন, প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রমে যুক্ত করার এ উদ্যোগ সময়োপযোগী। এটি গবেষণার মৌলিক ধারণা ও দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করবে।
ইটিআরডি ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা, যোগাযোগ সক্ষমতা, নেতৃত্বগুণ ও দলগতভাবে কাজ করার সক্ষমতা বিকাশে উৎসাহিত করা। পাশাপাশি একটি গবেষণার মৌলিক কাঠামো সম্পর্কেও তারা বাস্তব ধারণা অর্জনের সুযোগ পেয়েছে।
কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. পার্থ প্রতীম বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।