১৮ জুলাই ২০২৬, ০৮:৩৯

কৃষি ও ছাদবাগানের প্রসারে শেকৃবিতে দিনব্যাপী সম্মেলন

দিনব্যাপী ‘সবুজ বাংলাদেশ সম্মেলন ২০২৬’  © টিডিসি ছবি

বাংলাদেশের কৃষি, ছাদবাগান ও সবুজায়নকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘সবুজ বাংলাদেশ সম্মেলন ২০২৬’। দেশের কৃষি খাতের উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, নগর সবুজায়ন এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সাড়ে চারশো মানুষ।

শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ‘সবুজ বাংলাদেশ’।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ কৃষি উদ্যোক্তাদের পাশাপাশি কৃষি, ছাদবাগান ও পরিবেশবান্ধব সবুজায়নে আগ্রহী নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে কৃষির বর্তমান চ্যালেঞ্জ, নিরাপদ খাদ্য উৎপাদন, ছাদবাগানের সম্প্রসারণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের কৃষির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

সম্মেলনে আয়োজকরা জানান, কেবল যারা বর্তমানে কৃষি বা সবুজায়নের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের নয়, বরং নতুন প্রজন্ম ও আগ্রহী মানুষদের কৃষিমুখী করে তোলাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তাদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ কৃষি ও পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়াবে। 

অনুষ্ঠানের অন্যতম আয়োজক মো. মারুফ হাসান বলেন, সাড়ে চারশো মানুষ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোক্তাদের পাশাপাশি এ বিষয়ে আগ্রহী অনেক মানুষ ছিলেন। যারা আগে থেকেই সবুজায়নের সঙ্গে যুক্ত, তাদের পাশাপাশি নতুন আগ্রহী মানুষও আজকের আয়োজন থেকে কৃষির সঙ্গে যুক্ত হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য নগরকে সবুজায়ন করা, সর্বোপরি দেশকে সবুজায়ন করা এবং দেশের কৃষি খাতকে সমৃদ্ধ করা। ‘সবুজ বাংলাদেশ’ প্ল্যাটফর্ম থেকে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে চাই এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করব। বর্তমানে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না, অন্যদিকে কৃষি উপকরণ, বিশেষ করে সারের দাম দিন দিন বেড়েই চলেছে। এসব বিষয় নিয়েও আমরা কাজ করতে চাই।

প্রথম আয়োজনেই ব্যাপক সাড়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সবুজ বাংলাদেশের ব্যানারে এটিই আমাদের প্রথম প্রোগ্রাম। প্রথম আয়োজনেই এত মানুষের অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। ভবিষ্যতে এটি দেশব্যাপী একটি বড় আন্দোলনে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।

দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিশিষ্ট কৃষিবিদ, সফল কৃষি উদ্যোক্তা, গবেষক, ছাদবাগানি, কৃষিপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা কৃষি ও সবুজায়নকে জনপ্রিয় করে তুলতে এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।