০৫ জুলাই ২০২৬, ১৭:১৫

শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দক্ষ হতে হবে: বাকৃবি উপাচার্য

১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান  © টিডিসি ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, কৃষি গ্র্যাজুয়েটদের জন্য বীজ প্রযুক্তি বিষয়ে জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেই হবে না, মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। শেখার আগ্রহ, আত্মপ্রচেষ্টা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে এলে গুণগত মানসম্পন্ন ও উন্নত বীজ উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

রবিবার (৫ জুলাই) বাকৃবির প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে আয়োজিত ‘শর্ট ট্রেনিং কোর্স অন সীড টেকনোলজি’ শীর্ষক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

সীড প্যাথলজি সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. ইসলাম হামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ এবং ইস্পাহানি এগ্রো লিমিটেডের কনসালটেন্ট অধ্যাপক ড. আইয়ুব আলী।

এছাড়া প্রশিক্ষণ কর্মসূচির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মাহমুদুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বীজ প্রযুক্তি, বীজের গুণগত মান নিশ্চিতকরণ, সংরক্ষণ, রোগ ব্যবস্থাপনা এবং মানসম্মত বীজ উৎপাদন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।