স্বতন্ত্র কোডের দাবিতে শেকৃবির এএসভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
স্বতন্ত্র কোডসহ চার দফা দাবিতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন। রবিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, এএসভিএম জেগেছে’, ‘এক দফা, এক দাবি—বৈষম্যমুক্ত ভেট ডিগ্রি’, ‘স্বতন্ত্র কোড দিতে হবে’ এবং ‘দাবি যখন মানবে না, ক্লাস-পরীক্ষা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে কম্বাইন্ড ডিগ্রিধারীদের জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগ-সংক্রান্ত জটিলতার সমাধান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ চালু, পাশাপাশি ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শেকৃবির কম্বাইন্ড ডিগ্রিধারী ১৮ জন প্রার্থীর কেউ প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা ও সমস্যার সমাধান নিশ্চিত করা।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ ছেড়ে এখানে এসেছি। আজ উপাচার্য স্যার বলেছেন তিনি পিএসসিতে যাবেন। যদি আজ যেতে পারেন, তাহলে এতদিন কেন পারেননি?’
আরও পড়ুন: ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাইল এনটিআরসিএ, পদ যত
আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্লাস-পরীক্ষায় ফিরতে বলা হয়েছে। কিন্তু অতীত অভিজ্ঞতা ভালো নয়। যতবার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছি, ততবারই আমাদের দাবি থেমে গেছে।’
এ সময় অনুষদের ডিন অধ্যাপক জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিষয়গুলো নিয়ে কাজ চলছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ বলেন, তিনি নিজে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটসহ (বিএলআরআই) যেসব প্রতিষ্ঠানে বৈষম্যের অভিযোগ রয়েছে, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গেও কথা বলবেন।
শিক্ষার্থীরা জানান, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।