১৫ জুন ২০২৬, ২২:৫২

শিক্ষার্থীদের উদ্যোগে শেকৃবিতে পথপ্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম কর্মসূচির উদ্বোধন করেন  © টিডিসি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে অবহেলিত ও মুক্তভাবে ঘুরে বেড়ানো বিড়াল ও কুকুরের সুরক্ষায় ফ্রি ভ্যাকসিনেশন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হয়।

১৫ জুন (সোমবার) বিকেল ৫টায় এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা প্রদান করেন শেকৃবির এএসভিএম ১ম ব্যাচের কৃতি শিক্ষার্থী এবং ‘কেয়ার অ্যান্ড কিউর ভেটেরিনারি ক্লিনিক’-এর কর্ণধার ডা. মো. সাদ্দাম পাটোয়ারী। আয়োজকরা জানান, তার সহযোগিতা ও পরামর্শ কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পুরো কার্যক্রমের পরিকল্পনা ও নেতৃত্ব দেন এএসভিএম ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. রায়হান কবির। কর্মসূচি শেষে প্রতিক্রিয়ায় তিনি বলেন, `আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে এ ধরনের দায়িত্বশীল উদ্যোগ গ্রহণ করি, তাহলে ক্যাম্পাস থেকে জলাতঙ্ক (র‌্যাবিস)সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ঢাকার বুকে সবুজে ঘেরা এই প্রিয় ক্যাম্পাসকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ক্যাম্পাসের উন্নয়ন ও সুরক্ষায় আমরা সবসময় কাজ করে যেতে চাই।'

অনুষ্ঠানে অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করতে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। তাদের মতে, পথপ্রাণীদের সুরক্ষা এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত ভ্যাকসিনেশন ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শেকৃবি ক্যাম্পাসকে আরও নিরাপদ ও প্রাণিবান্ধব পরিবেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।