২৩ মে ২০২৬, ১৩:৩৬

শেকৃবিতে সুঘ্রাণ ছড়াচ্ছে বিরল ‘নাগলিঙ্গম’ ফুল

দৃষ্টিনন্দন ফুল—নাগলিঙ্গম  © টিডিসি ফটো

রাজধানীর বুকে সবুজে ঘেরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে এখন দৃষ্টি কাড়ছে এক বিরল ও দৃষ্টিনন্দন ফুল—নাগলিঙ্গম। ক্যাম্পাসে প্রবেশ করলেই নাকে ভেসে আসছে দুর্লভ এই ফুলের মিষ্টি ঘ্রাণ। অপরূপ সৌন্দর্য আর মুগ্ধকর সুঘ্রাণে ফুলটি যেন নতুন প্রাণ এনে দিয়েছে পুরো ক্যাম্পাসে। শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মাঝে ফুলটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ।

নাগলিঙ্গম ফুল সাধারণত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে দেখা গেলেও বাংলাদেশে এটি খুব বেশি পরিচিত নয়। বড় আকারের গোলাপি-লাল রঙের পাপড়ি, মাঝখানে সাপের ফণার মতো আকৃতি এবং শিবলিঙ্গ সদৃশ গঠন থাকায় ফুলটির নাম হয়েছে ‘নাগলিঙ্গম’।  এর বৈজ্ঞানিক নাম Couroupita guianensis।ফলের আকৃতি কামানের গোলার মতো হওয়ায় ইংরেজিতে একে ‘ক্যাননবল ট্রি’ (Cannonball tree) বলা হয়।

প্রাচীনকাল থেকে এর ফুল, পাতা ও বাকলের নির্যাস বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে। এটি অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এর কচি পাতা দাঁত ব্যথা উপশমে এবং পাতার রস চর্মরোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকর। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গাছটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। ভারতের বিভিন্ন মন্দির ও রামকৃষ্ণ মিশনে প্রায়ই এই গাছটি দেখা যায়।

বর্তমানে গাছগুলোতে  অসংখ্য ফুল ফুটতে শুরু করেছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এর মিষ্টি সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে, যা পথচারীদের সহজেই আকৃষ্ট করছে।

শিক্ষার্থীরা জানান, প্রতিদিন অনেকেই ফুলটির সঙ্গে ছবি তুলতে ভিড় করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাগলিঙ্গম ফুলের ছবি ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। অনেকের মতে, এমন বিরল ফুল ক্যাম্পাসের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।