কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল প্লাজার কর্মীদের হামলা, আহত ৮
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় একজন শিক্ষকসহ আটজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৮টার দিকে তিস্তা ব্রিজ সংলগ্ন টোল প্লাজায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হোস্টেলে পাঠানো হয়। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের বিতর্কিত আচরণের কারণেই টোল প্লাজার কর্মীরা হামলার সাহস পেয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুরে ফিল্ড ট্রিপ শেষে দুটি বাসে করে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরছিলেন। তিস্তা টোল প্লাজায় পৌঁছালে টোল ফি পরিশোধ নিয়ে কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এর জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে লালমনিহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, পুলিশ উসকানি দিয়েছে কথাটি সঠিক নয়। পুলিশ ঘটনাস্থল থেকে দূরে ছিল এবং সংঘর্ষ বাধলে তা থামানোর জন্য পুলিশ এগিয়ে আসে। এ ঘটনায় বুধবার দুপুরে লিখিত অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গতকাল শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আজ আমাদের একটি প্রতিনিধি দল লালমনিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছে।