১৮ মে ২০২৬, ১৯:২০

গাকৃবিতে সরকারি ক্রয় ও ভ্যাট ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

সার্টিফিকেট বিতরণ  © সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) স্বচ্ছ ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর ক্রয় প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে ই-জিপি (ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট), ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থাপনা বিষয়ে পাঁচ দিনব্যাপী কর্মকর্তা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।

গত ১৪ মে থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত আইকিউএসির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের ৩২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

গাকৃবি পরিচালক (ছাত্রকল্যাণ) এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।

পাঁচ দিনব্যাপী এ আয়োজনে সরকারি ক্রয় ব্যবস্থাপনা, আর্থিক শুদ্ধাচার এবং ডিজিটাল প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিপিপিএ-এর সিনিয়র প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ ও আইএসটিপিএ প্রকল্প, ইউজিসির কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ এবং ইউজিসি হিট প্রকল্পের সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ মনসুরুজ্জামান খান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০২৫ ও ২০০৬-এর গুরুত্বপূর্ণ পরিবর্তন, উন্মুক্ত দরপত্র ব্যবস্থাপনা, সরাসরি ক্রয় পদ্ধতি, রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ), ই-জিপি কার্যক্রম, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) প্রস্তুত, টেন্ডার মূল্যায়নসহ সরকারি ক্রয় ব্যবস্থাপনার আধুনিক বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। পাশাপাশি ট্যাক্স ও ভ্যাট কর্তন প্রক্রিয়া, আর্থিক সংরক্ষণশীলতা এবং জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কেও বিশদ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের প্রতিটি সেশনে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা বিষয়ক বই বিতরণ এবং প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়।

সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। ই-জিপি, ট্যাক্স ও ভ্যাট বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষা ও গবেষণায় নয়, প্রশাসনিক আধুনিকায়ন ও দক্ষতা উন্নয়নেও একটি উদাহরণ তৈরি করতে চায়।’

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।