২১ মার্চ ২০২৬, ২০:০৭

ঈদেও ক্যাম্পাস ছাড়েননি বিসিএস পরীক্ষার্থীরা, আনন্দ ভাগাভাগি করল বাকৃবি ছাত্রদল

বাকৃবি ছাত্রদলের বিশেষ আয়োজন   © টিডিসি ফটো

বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে এবার ঈদেও বাড়ি যাননি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অনেক শিক্ষার্থী। পরিবারের বদলে তাদের ঈদ কাটছে হলের নীরব পরিবেশে। এসব পরীক্ষার্থীর একঘেয়েমি কাটাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

​শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বিসিএস প্রত্যাশী ও বিদেশি শিক্ষার্থীদের নিয়ে এই ঈদ পুনর্মিলনী ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উৎসবে শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​আয়োজকরা জানান, সামনে বিসিএস লিখিত পরীক্ষা থাকায় অনেক শিক্ষার্থী এবার বাড়ি যেতে পারেননি। হলের নীরব পরিবেশে ঈদ কাটানো এসব শিক্ষার্থীর একঘেয়েমি কাটাতে এবং ঈদের আমেজ পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন এবং পারস্পরিক কুশল বিনিময়ের ব্যবস্থা রাখা হয়।

​অনুষ্ঠানে অংশ নেওয়া এক বিসিএস পরীক্ষার্থী বলেন, পরীক্ষার চাপের কারণে এবার বাড়ি যাওয়া হয়নি। মা-বাবার জন্য খুব মন খারাপ লাগছিল। কিন্তু ক্যাম্পাসে সবার সাথে মিলেমিশে এমন আয়োজন আমাদের সেই শূন্যতা কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছে।

বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এবং তাদের ভালোবাসা নিয়ে চলতে চায়। জীবনের প্রয়োজনে ঈদেও পরিবার থেকে দূরে ঈদ করতে হচ্ছে অনেকের। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন অনুভব করে যে ক্যাম্পাসও তাদের একটি পরিবার।