০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫০

বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও

উপমা দত্ত  © সংগৃহীত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম উপমা দত্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নিহত উপমা দত্তের গ্রামের বাড়ি মাগুরা জেলার সর্বসাংদা গ্রামে বলে জানা গেছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল ৪টা পর্যন্ত ক্লাস করেছেন উপমা। ক্লাস শেষে নিজ কক্ষে ফেরেন তিনি। এরপর থেকে তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে পাশের কক্ষের এক শিক্ষার্থী উপমাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখেন, উপমা ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে আবাসিক হলের এক ছাত্রী বলেন, ‘যে মেয়ে চারটা পর্যন্ত ক্লাস করেছে, সে কীভাবে সন্ধ্যার মধ্যে আত্মহত্যা করতে পারে তার হিসাব মিলছে না। আত্মহত্যার মতো সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। এ জন্য একটা প্রস্তুতির দরকার আছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে বিজয়-২৪ আবাসিক হল থেকে উপমা দত্ত নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আজ (গতকাল) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।