আর্মড ফোর্সেস মেডিকেলসহ ৭ মেডিকেলে ভর্তি কার্যক্রম শুরু আজ, আবেদন করবেন যেভাবে
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজসহ (এএফএমসি) দেশের সাতটি মেডিকেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ রবিবার (২৯ নভেম্বর)। দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ জানুয়ারি।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এএফএমসির ২৯তম ব্যাচ, পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ১৩তম ব্যাচ এবং নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রামের দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। শুধু প্রিপেইড টেলিটক মোবাইলের মাধ্যমে এ ফি জমা দিতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।
আবেদনের যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় ২০২৩ সালের আগে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থাকতে হবে। পাশাপাশি এইচএসসিতে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকতে হবে।
সাধারণ প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
এ ছাড়া ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২০ বছর হতে হবে।
ভর্তি পরীক্ষায় থাকবে যেসব বিষয়
ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে।
পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে। এর কম নম্বর পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে বিবেচিত হবেন।
যেভাবে তৈরি হবে মেধাতালিকা
ভর্তির জন্য মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জিপিএ থেকে সর্বোচ্চ ৪০, এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে সর্বোচ্চ ৬০ এবং ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশ থেকে ১০০ নম্বর যোগ করা হবে।
তবে ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কর্তন করা হবে। এ ছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ নভেম্বর দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন করার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ১২ থেকে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ডাউনলোড ও রঙিন প্রিন্ট করা যাবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৫ জানুয়ারি, শুক্রবার। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, চলবে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। আবেদন করতে ভিজিট করুন এখানে।