২৯ নভেম্বর ২০২৬, ১১:০২

ঢাবিতে ভর্তি হতে চান আড়াই লাখ শিক্ষার্থী, এক ইউনিটে আসনপ্রতি ৮৮ জনের আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শেষ হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৪৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব ইউনিটে মোট আসন রয়েছে ৬ হাজার ১২৫টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে গড়ে ৪০ জনের বেশি জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

এবার আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আইবিএ ইউনিটে। এই ইউনিটে ১২০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ৫৭৮ জন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন ৮৮.১৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৯ হাজার ৮৮৯ হাজার জন। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৫২ দশমিক ৮২ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১ হাজারটি। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৩৪ দশমিক ৪২টি।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৮০১ জন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন ২৯ দশমিক ৩৩টি। অন্যদিকে চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৯৫৬ জন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৫ দশমিক ৮১টি।

আরও খবর: ‎ঢাকা বিশ্ববিদ্যালয় শীতে লম্বা ছুটিতে গেলেও জবি শিক্ষার্থীরা এখনই পাচ্ছেন না

আবেদনের সময় শেষ হওয়ার পর আগামী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা শহরে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা—এই পাঁচটি ইউনিট রয়েছে। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) জন্য পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর (শনিবার)। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, শনিবার একই সময়ে নেওয়া হবে।

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। সবশেষে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর (শনিবার) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।