২৭ নভেম্বর ২০২৬, ১৪:০০

ঢাবিতে ভর্তির আবেদনের বাকি একদিন, সবচেয়ে বেশি প্রতিযোগিতা যে ইউনিটে

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শেষ হচ্ছে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর)। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব ইউনিটে মোট আসন রয়েছে ৬ হাজার ১২৫টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আইবিএ ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৫১ দশমিক ৪২ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৭ হাজার ৫ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ০৬টি।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৩৪৫ জন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন ২৭ দশমিক ৯৪টি। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন। ফলে এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৮৪ দশমিক ৩৬টি। অন্যদিকে চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৪৩৯ জন। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ দশমিক ৮৩টি।

আবেদনের সময় শেষ হওয়ার পর আগামী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা শহরে নেওয়া হবে।

আরও পড়ুন: মেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, দেখুন এখানে

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা—এই পাঁচটি ইউনিট রয়েছে। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) জন্য পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন করবেন যেভাবে
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য, বর্তমান ঠিকানা, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দিতে হবে। পাশাপাশি পছন্দের ইউনিট, পরীক্ষার কেন্দ্র এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা-সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে।

আবেদনকারীর ছবি নির্ধারিত মাপ ও ফরম্যাট অনুযায়ী আপলোড করতে হবে। ছবির পটভূমি সাদা হতে হবে। আবেদন সম্পন্ন করতে নির্ধারিত ফি জমা দিতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য আলাদা আবেদনপ্রক্রিয়া অনুসরণ করতে হবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন ২৫ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর নতুন করে আবেদনের যোগ্যতা অর্জন করা শিক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়। ফলে আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।