২৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৩

আসন সংখ্যা ও আবেদন ফি বাড়ল, জিপিএ নিয়ে কথা রাখল না জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এতে বড় পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয়টি। আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি আবেদন ফি-ও বাড়ানো হয়েছে। পাশাপাশি জিপিএর শর্ত নিয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের সিদ্ধান্ত অনুযায়ী মোট জিপিএর শর্ত কমানো হলেও তিনটি ইউনিটে পৃথক জিপিএ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আবেদন ফি বাড়ল ২০০ থেকে ৩০০ টাকা

নতুন শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের ফি বাড়িয়েছে জবি। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে আবেদন ফি ২০০ টাকা বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ‘ই’ ইউনিটে আবেদন ফি ৩০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। 

জিপিএ নিয়ে কথা রাখল না বিশ্ববিদ্যালয়

ভর্তির যোগ্যতায় মোট জিপিএর শর্ত কমানোর সিদ্ধান্ত বহাল রাখলেও পৃথক জিপিএর ক্ষেত্রে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে জিপিএর শর্ত কমানোর সিদ্ধান্ত ঠিক রাখা হয়েছে। তবে কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৬.০০ এবং পৃথক জিপিএ ২.৭৫ নির্ধারণের কথা বলা হয়েছিল। কিন্তু প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে পৃথক জিপিএ ৩.০০ নির্ধারণ করা হয়েছে।

একইভাবে, চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে মোট জিপিএ ৫.৫০ অপরিবর্তিত রাখা হলেও পৃথক জিপিএ ২.৫০-এর পরিবর্তে ২.৭৫ করা হয়েছে।

ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা
নতুন ভর্তি নির্দেশিকা অনুযায়ী, ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

‘বি’ ও ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৬.০০ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ নির্ধারণ করা হয়েছে।

‘সি’ ইউনিটে মোট জিপিএ ৬.৫০ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। আর ‘ই’ ইউনিটে মোট জিপিএ ৫.৫০ এবং প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৭৫ থাকতে হবে।

১৪২টি আসন বেড়ে মোট আসন ২ হাজার ৯৫৭

নতুন শিক্ষাবর্ষে প্রতিটি ইউনিটেই আসনসংখ্যা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার ১৪২টি আসন বাড়িয়ে মোট আসন নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৫৭টি।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৮৮৮টি, ‘বি’ ইউনিটে ৮২৫টি, ‘সি’ ইউনিটে ৫৪৬টি, ‘ডি’ ইউনিটে ৬৩৫টি এবং ‘ই’ ইউনিটে ৬৩টি আসন রয়েছে।

আগের শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ৮৪০টি, ‘বি’ ইউনিটে ৭৮৫টি, ‘সি’ ইউনিটে ৫২০টি, ‘ডি’ ইউনিটে ৬১০টি এবং ‘ই’ ইউনিটে ৬০টি আসন ছিল।