২৫ নভেম্বর ২০২৬, ০০:১৩

এবারেও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদনের যোগ্যতা দেখুন

ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভর্তি নীতিমালাও প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নীতিমালা অনুযায়ী, এ বছল টানা দ্বিতীয়বারের মতো একই দিনে ও অভিন্ন প্রশ্নে দুই কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি নীতিমালার ৩.২ অনুচ্ছেদে বলা হয়েছে, দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সে জাতীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজি মাধ্যমে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

প্রশ্নপদ্ধতি প্রসঙ্গে ৩.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী একক সঠিক উত্তর ধরনের বহু নির্বাচনী ফরম্যাটে লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটির মান ১ নম্বর করে ১০০ নম্বরের পরীক্ষা হবে। বিষয়ভিত্তিক বিভাজন হবে- জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন ১৫। ভর্তি পরীক্ষায় পাস মার্ক ৪০ এবং সময়কাল হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। এ ছাড়া প্রতিটি ভুল নম্বরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে বলেও ৩.৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা
এ বছর সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের যোগ্যতা আগের বছরের মতোই রাখা হয়েছে। তবে বিদেশি শিক্ষার্থী এবং পশ্চাদপদ শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএর শর্ত শিথিল করা হয়েছে।

আবেদনের যোগ্যতা হিসেবে সাধারণ প্রার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে ৮.৫০ এবং জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। একই সাথে এইচএসসিতে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ থাকাও বাধ্যতামূলক রয়েছে।

তবে পশ্চাপদ জনগোষ্ঠীর জন্য আবেদনের যোগ্যতা কমানো হয়েছে। ২.৬ অনুচ্ছেদে বলা হয়েছে, দেশের পশ্চাদপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা দুটিতে সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে।

এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক্ষেত্রে উভয় পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ থাকলেও জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.৫০-এর শর্ত আরোপ করা হয়েছিল। এ ছাড়া উভয় পরীক্ষার কোনো একটিতে এককভাবে ৩.৫০-এর কম থাকলে আবেদনের অযোগ্যতার কথা বলা হয়েছিল। তবে এ বছর এমন কোনো শর্ত আরোপ করা হয়নি।

একই ভাবে শর্ত কমানো হয়েছে বিদেশি প্রার্থীদের ক্ষেত্রেও। ২.৪ অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে বিদেশি প্রার্থী ভর্তির ক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের (বা যে দেশে এসএসসি বা এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নাই, সে দেশের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে সর্বনিম্ন মোট জিপিএ ৮.৫০ পয়েন্ট এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.৫০ অথবা A- থাকতে হবে।

তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এখানে উভয় ক্ষেত্রে জিপিএ একই থাকলেও এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০ পয়েন্টের কম থাকলে আবেদনের অযোগ্য বিবেচিত হওয়ার শর্ত ছিল; যা এ বছর রাখা হয়নি।

একই ভাবে ২.৫ অনুচ্ছেদে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বলা হয়েছে, উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৬.০০ এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় ৩.০০-এর কম থাকলে আবেদনের অযোগ্য বিবেচিত হবে। যেখানে আগের বছর উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৭.০০, জীববিজ্ঞানে ৩.৫০ এবং এককভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পয়েন্টের শর্ত আরোপ করা হয়েছিল।