২৪ নভেম্বর ২০২৬, ২৩:১৬

বিদেশি শিক্ষার্থীদের কোটা ও আবেদনের যোগ্যতা কমল

মেডিকেল ভর্তি   © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা কমিয়েছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। একই সাথে কমেছে বিদেশি শিক্ষার্থীদের কোটা। গত বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য মোট ২২৪টি আসন নির্ধারণ করা থাকলেও এ বছর তা কমে দাঁড়িয়েছে ২১৯টিতে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন নীতিমালায় সই করেছেন। ‘নীতিমালার আবেদনকারীর যোগ্যতা ও সাধারণ নিয়মাবলী’-এর ২.৪ ও ২.৫ অনুচ্ছেদে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

২.৪ অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে বিদেশি প্রার্থী ভর্তির ক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের (বা যে দেশে এসএসসি বা এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নাই, সে দেশের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে সর্বনিম্ন মোট জিপিএ ৮.৫০ পয়েন্ট এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.৫০ অথবা এ- থাকতে হবে।

তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এখানে উভয় ক্ষেত্রে জিপিএ একই থাকলেও এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০ পয়েন্টের কম থাকলে আবেদনের অযোগ্য বিবেচিত হওয়ার শর্ত ছিল; যা এ বছর রাখা হয়নি।

একই ভাবে ২.৫ অনুচ্ছেদে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বলা হয়েছে, উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৬.০০ এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় ৩.০০-এর কম থাকলে আবেদনের অযোগ্য বিবেচিত হবে। যেখানে আগের বছর উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৭.০০, জীববিজ্ঞানে ৩.৫০ এবং এককভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পয়েন্টের শর্ত আরোপ করা হয়েছিল।

এ ছাড়া গত বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি মেডিকেল কলেজে মোট ২২৪টি আসন নির্ধারণ করা ছিল। তবে এ বছর তা কমে দাঁড়িয়েছে ২১৯টিতে। নীতিমালা যাচাই করে দেখা গেছে, এ বছর সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এমবিবিএস ও বিডিএসের জন্য নির্ধারিত আসন যথাক্রমে ভারত ২২ ও ২, পাকিস্তান ২১ ও ২, নেপাল ১৯ ও ৩, ভূটান ২০ ও ৫, শ্রীলঙ্কা ১৩ ও ২, মালদ্বীপ ৬ ও ১ এবং আফগানিস্তান ৩ ও ১; মোট ১০৪ এমবিবিএস ও ১৬টি বিডিএস আসনসহ সর্বমোট ১২০টি আসন নির্ধারণ করা হয়েছে, যেখানে আগের বছর ছিল ১২৫টি।

নন-সার্কভুক্ত দেশের মধ্যে ফিলিস্তিনের ১৮ ও ৩, মায়ানমারের ৫ ও ২ এবং অন্যান্য দেশের ৪৯ ও ২২; মোট ৭২ এমবিবিএস ও ২৭টি বিডিএস আসনসহ সর্বমোট ৯৯টি আসন নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এ বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে সাধারণ প্রার্থীদের জন্য এ বছর আবেদনের যোগ্যতা আগের বছরের মতোই উভয় পরীক্ষায় কমপক্ষে ৮.৫০ এবং জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। একই সাথে এইচএসসিতে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ থাকাও বাধ্যতামূলক রয়েছে।

এ ছাড়া পশ্চাপদ জনগোষ্ঠীর জন্য আবেদনের যোগ্যতা কমানো হয়েছে। ২.৬ অনুচ্ছেদে বলা হয়েছে, দেশের পশ্চাদপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা দুটিতে সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে।

এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক্ষেত্রে উভয় পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ থাকলেও জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.৫০-এর শর্ত আরোপ করা হয়েছিল। এ ছাড়া উভয় পরীক্ষার কোনো একটিতে এককভাবে ৩.৫০-এর কম থাকলে আবেদনের অযোগ্যতার কথা বলা হয়েছিল। তবে এ বছর এমন কোনো শর্ত আরোপ করা হয়নি।