ভর্তি পরীক্ষা নিয়ে আজ জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত, হাইকোর্টের দিকে তাকিয়ে ভর্তিচ্ছুরা
বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে আজ সোমবার (২৩ নভেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্ট) অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এ আবেদনের ওপর আজ আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। একই সঙ্গে শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন। তবে সেদিন হাইকোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত।
সেদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে, রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম ও আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দিপা।
চেম্বার আদালতের আদেশের বিষয়ে আইনজীবী কামরুন নাহার মাহমুদ দিপা ও ব্যারিস্টার আবদুল কাইয়ূম লিটন জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। তবে চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। আগামী ২৩ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।
আরও পড়ুন: এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, জানা যাবে ৩ পদ্ধতিতে
হাইকোর্টের আদেশে অনলাইনে ভর্তি আবেদনের পোর্টাল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চমাধ্যমিকের সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অংশ নেওয়া যোগ্য প্রার্থীদের শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেওয়ার সুযোগ দিতে বলা হয়।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার চেম্বার আদালতে শুনানি শেষে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।
এর আগে, উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের সময়ের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি সমন্বয় না করার অভিযোগে গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এ রিট করেন।
রিট আবেদনে বলা হয়, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাঁদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে এ সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
অথচ এর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছে। ফলে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়টির তিনটি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
রিটে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু করার অনুরোধ জানিয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেয়নি।
এ অবস্থায় সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সব যোগ্য শিক্ষার্থী যাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সমান সুযোগ পান, সে জন্য ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।